৫ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক অ. আজম।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত জুনে তিনি অসুস্থ হয়ে পড়লে কানাডার টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয় ।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।তিনি বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত।এছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য।
এএস // আতারা