২৮ জুলাই ২০২০


চত্ত্বর নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ

শেয়ার করুন

কামরুল ইসলাম মাহি : সারাদেশের অনুকরণীয় সিলেটের রাজনৈতিক দৃশ্য। এখানে সবসময়ই সম্প্রতির ধারা অব্যাহত থাকে। বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ – বিএনপির নেতাদের মিলমহব্বতের কথা সবার মুখে মুখে।

তবে সারাদেশের মতো করোনাকালে দৃশ্যমান রাজনৈতিক কোন কর্মসূচি ছিলোনা সিলেটের রাজনৈতিক অঙ্গনে। তবে একটি চত্বরকে ঘিরে হঠাৎ উত্তাপ্ত হয়ে পড়েছে সিলেটের রাজনীতি।

গত রোববার রাতে হঠাৎ করেই সিলেট সিটির নগর ভবনের সামনে নির্মিত একটি স্থাপনার উদ্বোধন করতে গিয়ে ‘সিটি পয়েন্ট’ হিসেবে পরিচিত চত্বরকে ‘নগর চত্বর’ হিসেবে নামকরণ করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। তবে এই চত্বরকে ‘কামরান চত্বর’ করার দাবি ছিল ক্ষমতাশীল দলের অনেকেই।

এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এই নামকরণ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বিএনপি শীর্ষ নেতা মেয়র আরিফ।

এর পর সোমবার দুপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মিছিল করে এসে নগর চত্বর লেখা আরিফের নামফলক ঢেকে নবনির্মিত স্থাপনায় ‘কামরান চত্বর’ সাইনবোর্ড বসিয়ে দেন। এসময় মেয়র আরিফের প্রতি বিষেদাগারও করেন আওয়ামী লীগ নেতারা।

সোমবার দুপুরের এই ঘটনার পর সন্ধ্যায় এ ইস্যুতে গণমাধ্যমে বিবৃতি সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের আসাদ উদ্দিন আহমদ। বিবৃতিতে তিনি সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে ফাটল ধরানোর জন্য আরিফুল হককে অভিযুক্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজ থেকেই তার পূর্বসূরি সদ্যপ্রয়াত সিলেটের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্মৃতিকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেবেন।

কিন্তু গত রোববার রাতে অনেকটা চুপিসারে এই চত্বরকে ‘নগর চত্বর’ নামকরণ করে সেটির উদ্বোধন করেন। যেটি সম্পর্কে সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদকেও অবগত করেননি। তাড়াহুড়া করে এই চত্বরকে ‘কামরান চত্বর’ নামকরণ না করে ভিন্ননামে উদ্বোধন করে তিনি সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য রাজনৈতিক সম্প্রীতিতে ফাটল ধরালেন।’

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমি সিটি পয়েন্টকে কামরান চত্বর হিসেবে নামকরণ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও মেয়র আরিফ সম্মতি জানিয়েছিলেন। এবং এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সিটি মেয়র তার কথা রাখেননি।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, কামরান ভাই আমাদের আত্মার সাথে মিশে আছেন। আমরা চাই তাঁর নামে সিলেটে এমন কিছু হোক যাতে পরবর্তী প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে এবং তাঁর স্মৃতি রক্ষা হয়।

অপরদিকে, জল অনেক ঘোলা হওয়ার পর এ প্রসঙ্গে মুখ খুলেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

তাঁর দাবি, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের পরিবার থেকে ‘কোনো প্রতিষ্ঠানকে তাঁর (কামরান) নামে করার’ প্রস্তাব এসেছে। মঙ্গলবার সিসিকের মাসিক সভায় এ প্রসঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত গৃহিত হলে অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। এছাড়া সিটি পয়েন্ট বা নগর চত্বরকে নতুন কোনো নামকরণ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিসিকের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান।

শেয়ার করুন