২২ জুলাই ২০২০


ওসমানীনগর আসছে ছাত্রদলের কমিটি, চলছে জোর লবিং

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। পদ-পদবি পাওয়ার আশায় নেতারা জেলা কমিটির কাছে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তারা কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক, আবার কেউ সাংগঠনিক পদের প্রার্থী। ওসমানীনগর উপজেলা ছাত্রদলের ভেতরে গ্রুপ কিংবা নেতার অভাব নেই।

উপজেলায় এখন ছাত্রদলের ভেতরে ছোট-বড় মিলিয়ে কয়েকটি গ্রুপ রয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি নয় ফের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। যে কোনো দিন সিলেটের ওসমানীনগর উপজেলার কমিটি ঘোষণা করা হতে পারে। ওসমানীনগর উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। একজনকে আহ্বায়ক, একজনকে সদস্য সচিব এবং ৮ জনকে যুগ্ম-আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের একাধিক নেতারা। আর কমিটিতে স্থান পেতে মরিয়া হয়ে উঠেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে অন্তত ৫ জন নেতাকে ঘিরে কম-বেশি আলোচনা চলছে। এসব নেতার মধ্য থেকেই যেকোনো দুইজনের কাঁধে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের গুরু দায়িত্ব আসতে পারে বলে মনে করছেন সাধারণ নেতা কর্মীরা।

উপজেলা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হবে। এতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও আগামী দিনের আন্দোলনকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর জন্য ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয় চলছে বলে দলের একাধিক নেতা জানান। উপজেলায় দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ছাত্রদল। এবার নতুন কমিটি গঠন হলে ছাত্রদল আরও চাঙ্গা হবে বলে জানান তৃণমূল নেতাকর্মীরা।

তবে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয়-কারা আসছেন নেতৃত্বে যাদেরকে নিয়ে চলছে আলোচনা তারা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে সৈয়দ শাহজাহান আলী, জুয়েব আহমদ, রুবেল আহমদ সহ কয়েকজন নেতা।

সদস্য সচিব পদেও একাধিক নেতার নাম আলেচনায় রয়েয়ে তবে শেষ পর্যন্ত কারা পাবেন দলের দায়িত্ব তা এখন কেবল দেখার বিষয়। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, গ্রুপিংয়ের উর্ধ্বে উঠে যদি কমিটি গঠন করা হয় তাহলে ত্যাগীরা মূল্যায়ন পাবেন। ছাত্রদলের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিগত দিনে রাজপথে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন করা হবে- এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম বলেন, অতি শিগগির জেলার সকল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীর পরামর্শে কমিটিগুলো ঘোষণা করা হবে। ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হবে। এতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

শেয়ার করুন