২১ জুলাই ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর প্রধান জেলা সুনামগঞ্জে তৃতীয়বারের মতো টানা বৃষ্টিপাতে ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি হতে শুরু করেছে।
সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জে তৃতীয়বার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে আবারও বন্যার রূপ ধারণ করতে পারে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সুনামগঞ্জে তৃতীয়বার বন্যার আশঙ্কা থাকলেও বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে বন্যা মোকাবেলায় কন্ট্রোলরুমসহ আশ্রয়কেন্দ্রে যেন মানুষ যেতে পারে সেজন্য নেয়া হয়েছে ব্যবস্থা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি হচ্ছে। যদি এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জে তৃতীয় দফা পানি বৃদ্ধি হওয়ায় বন্যা মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার্তদের জন্য খাবার ও আশ্রয়কেন্দ্রসহ সব ধরনের ব্যবস্থা আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি।