১০ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, দেশে কি পরিমান লুটপাট হয়েছে তার একটি প্রমাণ হলো আজিজ খানের মত লোক এখন সিঙ্গাপুরের ৪২ তম ধনী ব্যাক্তি। কুইক রেন্টালের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আর এই লুটপাট চক্ররই একজন সদস্য সামিট গ্রুপের আজিজ খান। দেশে লুটপাট করে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা পাচার করা হয়েছে। দুদকও তাদের সম্পর্কে কোন কথা বলেনা। তারা এখন জিয়া পরিবারের পেছনে পড়ে আছে। তারা পাতানো নির্বাচনের পায়তারা করছে। এই ভূয়া নির্বাচন কমিশনের অধিনে বিএনপি কোন নির্বাচনে যাবে না।
শনিবার দুপুরে সিলেট জেলা যুবদলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ভিডিও কনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে তারা চিকিৎসাও করতে দিচ্ছে না। আওয়ামীলীগ আমাদের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করছে। ইনশাআল্লাহ আওয়ামীলীগের সকল অপকর্মের বিচার এই মাটিতে হবে।
সাবেক এই মন্ত্রী বলেন, পুলিশের উপর বিএনপি কখনো আক্রমণ করে না। পুশিশ উষ্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে গুলি করে নেতাকর্মীদের হত্যা করে। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন দাবী করছি। এর বাহিরে আর কেন দাবী নাই।
সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের সঞ্চালনায় সভার শুরুতেই বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। এসময় অতিথিরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সম্মেলনের প্রঢম পর্ব শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে জেলা যুবদলের নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।