২৪ সেপ্টেম্বর ২০১৭


রঙ-তুলির শেষ আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহালয়ার মধ্য দিয়ে চলছে দেবীপক্ষ। শুরু হয়েছে ক্ষণ গণনা। শনিবার ছিল মহা তৃতীয়া। আর মাত্র দু’দিন পরেই মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অশুভ শক্তির বিনাশে সেদিন দেবী আসবেন মর্ত্যলোকে।

দেবীকে বরণে সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী সিলেটেও চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এ বছর সিলেটের সিটি করপোরেশন এলাকায় ৪৭টিসহ জেলা ও মহানগরের ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পারিবারিক মণ্ডপ রয়েছে ৬০টি।

সরেজমিনে পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায়, জোরেসোরেই চলছে প্রস্তুতি। তবে সব মণ্ডপেই দেখা গেছে- প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, এখন প্রতিমাগুলোর শরীরে রংয়ের আঁচড় দেয়া, কাপড়ে মোড়ানো আর অলঙ্কার পরানোর কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, ‘আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি। আশা করছি, আমাদের সিলেটের প্রত্যেকটি পূজামণ্ডপে এবার সুন্দরভাবে পূজা উদযাপন হবে।’

তিনি আরো বলেন, চার দফার বন্যার কারণে এবছর পূজা মণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে। এবার সিলেটের ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৫৮৮টি। আগের তুলনায় এবার ১২টি পূজামণ্ডপ কমেছে।

এবার পূজার নিরাপত্তায় প্রত্যেক মণ্ডপে নারী ও পুরুষ আনসার সদস্য এবং পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল আলম সরদার বলেন, ‘জেলা পুলিশের আওতাধীন ১২টি উপজেলায় ৪৪৯ পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। প্রত্যেক মণ্ডপে আনসার সদস্যসহ পুলিশ মোতায়েন ছাড়াও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়াও প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তায় পোষাকে-সাদা পোষাকে পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও ছিনতাই প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে লক্ষ্যে সিলেট মহানগর এলাকার সর্বসাধারণকে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে নগর পুলিশ।

এছাড়া পূজা আয়োজনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন করে ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নগর পুলিশের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 

(আজকের সিলেট/২৪ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন