২৬ জুলাই ২০২০
সাইফুর তালুকদার : আদালতের আদেশ অমান্য করে এবং ইসিএ কমিটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি প্রভাবশালী চক্র ডাউকী জাফলং নদীর ব্রীজ এর আশপাশে বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। ম্যানুয়েল পদ্ধতিতে বালু উত্তোলনের দাবীতে মানববন্ধনসহ প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় শ্রমিক-জনতা।
সরেজমিন গোয়াইনঘাট উপজেলার জাফলং নদী এলাকায় গিয়ে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে প্রভাবশালীরা শত শত নৌকা দিয়ে বালু উত্তোলন করছে। তাছাড়া যে সকল শ্রমিক ম্যানুয়েল পদ্ধতিতে বালু উত্তোলন করেন তাদের কাছ থেকে সরকারী রাজস্বের নামে চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট।
স্থানীয় শ্রমিকদের সাথে আলাপকালে তারা জানায়, প্রতিদিন নৌকা প্রতি ৫০০/১০০০ টাকা দিতে হয়। যারা টাকা দিতে রাজি নয় তাদের নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়, এমনকি বালু উত্তোলনে তাদেরকে বাধা প্রদান সহ শ্রমিকদের মারধর করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, আমরা টাস্কফোর্স এর মাধ্যমে এখন অভিযান পরিচালনা করছি এবং থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।