৩ জুলাই ২০২০


রোগীদের ভাতের বদলে চিড়া দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোঘীদের খাবার পরিবেশন নিয়ে একের পর এক লঙ্কাকান্ড ঘটছে। হাসপাতালে ভর্তি রোগী না থাকলেও ভুয়া খাবার বিল হাতিয়ে নেয়ার পর এবার খাবার মেনুতে ভাতের পরিবর্তে চিড়া দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে পুরো উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

এর আগে গত ২৫ জুন সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টালে ‘বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভূয়া খাবার বিল, টাকার ভাগ নিচ্ছেন ডাক্তার-স্টাফরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। পুরো উপজেলাজুড়ে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। হাসপাতাল সংশ্লিষ্টরা এটি নিয়ে আর সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন জায়গায় দৌড়যাপ করেন। সংবাদটি নিয়ে পাল্টা সংবাদ প্রকাশের চেষ্টা করেন। তবে বিষয়টি নিয়ে সিভিল সার্জন অফিসের কোন প্রদক্ষেপ চোখে পড়েনি।

ফলে এর মধ্যেই বেরিয়ে আসে রোগীদের খবার তালিকায় ভাতের পরিবর্তে চিড়া দেয়ার তথ্য। রোগীদের খাবার মেন্যুতে ভাত না দিলেও বিল ঠিকই তুলছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এনিয়ে উপজেলাবাসীর মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এসংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও চিত্র এসেছে আজকের সিলেটের সংবাদদাতার কাছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন- হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাদের এক বেলাও হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারে ভাত দেওয়া হয়নি। প্রতিদিন সকালে দুই পিছ ব্রেড একটা ডিম, দুপুরে ও রাতে কিছু চিড়া ও চিনি দেওয়া হয়। ফলে তারা বাড়ি থেকে খাবার এনে খেয়েছেন।

সরজমিনে হাসপাতালে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ২৫ জুন রাত আনুমানিক ৯ টায় পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা গেছে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের বাবরকপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল হেলিম গত ২৩ জুন থেকে মাথায় ও পেটের সমস্যার কারণে ভর্তি হন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ৩ দিন থেকে আমাকে ভাত দেওয়া হচ্ছেনা, খাবার হিসেবে শুধু চিড়া দেওয়া হয়েছে। আমার স্বজনরা বাড়ি থেকে ভাত এনে আমারে খাওয়াচ্ছেন।

মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায় একই চিত্র। উপজেলার একি ইউনিয়নের আদিত্য পুর গ্রামের ফয়সাল মিয়ার শিশুকন্যা মাহিদা জান্নাতকে নিয়ে নিউমিনিয়া সমস্যার কারণে তার স্ত্রী রুবেনা বেগম গত ২২ জুন থেকে চিকিৎসাধীন ছিলেন। তাদেরকেও একই খাবার দেওয়া হয়েছে।

ঐসময় তারা বলেন, আজ চার দিন হল খাবারের সময় আসলে হাসপাতাল থেকে আমাদের চিড়া দেওয়া হয়, ভাত দেওয়া হয়না। সকালে অবশ্য দুধ, ডিম, রুটি (ব্রেড) দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মচারী জানান, করোনায় হাসপাতালে প্রায় রোগী শুণ্য, এই দিনগুলোতে কোন রান্না করা হয়না এসব খাবার প্রায়ই রোগীদের দেওয়া হয়ে থাকে। তবে মাঝেমধ্যে কোন রোগী বেশি মাতামাতি করলে ঠিকাদারের বাড়ী থেকে টিফিনে শুধু এদের ভাতা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স টিপু ট্রেডার্স এর সত্ত্বাধিকারী টিপু সুলতান ভাতের পরিবর্তে চিড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে করে বলেন, এ বিষয়ে মোবাইলে আলাপ করতে চাইনা আপনি আমার সাথে সরাসরি দেখা করেন।

তবে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মামুন আহমদ বিষয়টি অস্বীকার করে বলেন, রোগীদের ভাতের পরিবর্তে চিড়া দেওয়ার কোন প্রশ্নই আসেনা। আমাকে এব্যাপারে অভিযোগ দেয়নি এবং হাসপাতালের সংশ্লিষ্ট কেউ বিষয়টিও জানায়নি ।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম শাহরিয়ারও
প্রায় একই সুরে বলেন, রোগীদের খাবার সরবরাহের মেনুতে ভাতের পরিবর্তে চিড়া দেওয়ার কোন নিয়ম নেই, এর পরেও যদি দেওয়া হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন