২ জুলাই ২০২০
ডেস্ক রিপোর্ট : মাঝারি থেকে ভারী বর্ষণে সিলেট মহানগরের বহু এলাকা ডুবে গেছে। বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় বৃষ্টি। এরপর কখনো মুঘলধারায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত। চলছে রাতভর। টানা এমন বৃষ্টিপাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলামগ্ন হয়ে পড়ে। কোথাও জমেছে হাঁটু-কোমর সমান পানি, আবার কোথাও ডুবে গেছে বাসা-বাড়ীর নীচতলা। সব মিলিয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা।
টানা বৃষ্টিপাতে নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরের এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লকের রাস্তাসহ বেশিরভাগ বাসা পানিতে নিমজ্জিত।
এছাড়া জামতলা, হাওয়াপাড়া, পাঠানটুলা, পুরানলেন, শেখঘাট, ঘাসিটুলা, আম্বরখানা, লালদিঘিরপাড়, লামাপাড়া, সাদারপাড়া এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। ওইসব এলাকার বেশিরভাগ বাসা-বাড়িতে পানি ঢুকেছে। অনেক বাসা ও দোকানের মালামাল ভিজে গেছে।