১ জুলাই ২০২০


কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা বন্ধ

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের ৫০ শয্যার কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, ডেন্টাল টেকনোলজিস্ট, নার্স, ওয়ার্ডবয়সহ আটজন কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এক সপ্তাহের জন্য চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, বন্ধকালীন সময়ে জরুরি বিভাগ খোলা থাকবে।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৪ জুন ৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে প্রেরণ করা হয়। এর মধ্যে মঙ্গলবার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্টাফসহ ১১ জনের পজিটিভ রিপোর্ট আসে।

কুলাউড়া হাসপাতালসুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া ১১ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্টাফসহ ৮ জন, কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি এলাকার ১ জন, সুনাপুর এলাকার ১ জন ও আহমেদাবাদ এলাকার ১ জন রয়েছেন।

এনিয়ে কুলাউড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯ জন।এদের মধ্যে ৫৩ জন সুস্থ হয়েছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কুলাউড়া হাসপাতালে ডাক্তার, নার্সসহ ৮ জন কোভিড-১৯ শনাক্ত থাকায় মঙ্গলবার থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সেবা ছাড়া অন্যান্য ধরণের চিকিৎসা সেবা এক সপ্তারের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে জনগণের সুরক্ষার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৬ জুলাই সোমবার থেকে হাসপাতালের সকল ধরণের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এরই মধ্যে হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করে স্বাস্থ্যবিধি উপযোগী করে তোলা হবে।

ডা. নুরুল হক আরও জানান, জনস্বার্থে মাঠ পর্যায়ের ইপিআই কার্যক্রমসহ সকল কমিউনিটি ক্লিনিক খোলা রেখে চিকিৎসা সেবা কার্যক্রম চালু থাকবে। তিনি এ পরিস্থিতিতে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন