২৯ জুন ২০২০


মাধবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া (২৫)।

রোববার রাতে নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রোববার রাতে কুমিল্লা থেকে শুঁটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এসময় নোয়াপাড়ায় মাধবপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক এবং ট্রাকটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক কবির মিয়া (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে।

শেয়ার করুন