২২ জুন ২০২০
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সাথে লড়তে লড়তে হেরেই গেলেন পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও (মাঝেরহাটি) গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে লালন মিয়া (৪৯)। উপজেলায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করা প্রথম ব্যক্তি তিনি। আজ (সোমবার) বিকাল সাড়ে ৪টায় সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন লালন মিয়া। বেশ কিছুদিন শারীরিক সমস্যায় শয্যাশায়ী থাকার পর ৭ জুন (রবিবার) পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করতে নমুনা প্রদান করেন তিনি। একদিন পর ৯ জুন (মঙ্গলবার) তার রিপোর্ট পজেটিভ আসে। পরদিন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সিলেটে পাঠানো হয় তাকে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটের চৌহাট্টাস্থ শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। তিনিই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি। ব্যক্তিগত জীবনে তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, ‘এই প্রথম আমাদের উপজেলা কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কমনা করি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি।এ পর্যন্ত আমাদের উপজেলা ৬২ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে লালন মিয়ার পরিবারের নির্ধারণ করা জায়গাতেই তাকে দাফন করা হবে।’