২০ জুন ২০২০


সিলেটে করোনায় ৫৬ জন, ‘উপসর্গে’ ৭০ জনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে বাড়ছে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার চাইতে করোনার উপসর্গ নিয়ে সিলেটের বিভাগে বেশি রোগী মারা গেছেন।

শুক্রবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় জানায়, সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।

অন্যদিকে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। শুক্রবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প।

জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও। করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রতিবেদন দিচ্ছে তারা।

গবেষণা প্রতিবেদন বলছে, সারা দেশে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৭০ জন মারা গেছেন। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম বিভাগে ৩১০ জন। এরপর ঢাকায় ২৭০, খুলনায় ১১২, রাজশাহী ১১০, বরিশাল ১০৪, সিলেট ৭০, রংপুর ৬১ ও ময়মনসিংহ বিভাগে ৩৩ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। করোনা পরিস্থিতি নিয়ে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে শুক্রবার নতুন প্রতিবেদন দিয়েছে বিপিও।

বিপিও বলছে, ৮ মার্চ থেকে করোনা বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত তথ্য সংগ্রহ করে প্রতি সপ্তাহে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এতে দেখা যায়, ২২ থেকে ২৮ মার্চের সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এর পরের সপ্তাহে এটি দাঁড়ায় ৬৩ জনে। পরের সপ্তাহগুলোতে ১০৬, ১২০ এ পৌঁছায়। তারপর আগের সপ্তাহের চেয়ে কমতে থাকে। গত ছয় সপ্তাহে এটি কমার দিকেই প্রবণতা ছিল। ১১৪, ৯৩, ৫০, ৬৭, ৪৮ ও ৭৩ জনের মৃত্যু হয়েছে। মাঝে কমলেও তিন সপ্তাহ ধরে এটি বাড়ছে।

এদিকে শুক্রবার সুনামগঞ্জের নতুন ৩৩ জন ও সিলেটের ৬০ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭০০, সুনামগঞ্জে ৭৯০, হবিগঞ্জে ২৬৫ এবং মৌলভীবাজারে ২২৯ জন।

অন্যদিকে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৩ জন, সুনামগঞ্জে ১৬১, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮৬ জন।

শেয়ার করুন