১৮ জুন ২০২০
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে রাতের আঁধারে বৃষ্টি উপেক্ষা করে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর ও আজকের সিলেটের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ারে বাসায় পৃথকভাবে উপহার স্বরূপ ফল পাঠিয়েছেন সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি এম জমিরুল ইসলাম মমতাজ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক।
কাজি জমিরুল ইসলাম মমতাজ ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো শুভেচ্ছা প্যাকটি বুধবার (১৭জুন) সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে আক্রান্ত সহকর্মী খবরিয়া ইয়াকুব শাহরিয়ারের বাড়িতে পৌঁছে দেন। এ ছাড়াও তিনি ফার্মাসিস্ট আতিকুর রহমান, রিপন দেবনাথ, পল্লীবিদ্যুতের আবুল কালাম ও উপজেলা এলজিইডি অফিসের মাঠকর্মী রেদওয়ান আহমদের বাসায়ও উপহার সামগ্রী পাঠান।
এদিকে, একই দিন সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে ইয়াকুব শাহরিয়ারের বাড়িতে ফলমূল পৌঁছে দেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আজকের সিলেটের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার দু’জনকেই ধন্যবাদ জানান। তিনি বলেন, যে সৌজন্যতা সভাপতি-সেক্রেটারি দেখিয়েছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হলো। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সহকর্মী ছোটভাই করোনায় আক্রান্ত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। তবু তার জন্য অনেক দোয়া৷ তারপ্রতি ভালোবাসা প্রকাশেই এমন উপহার পাঠানো। শুভকামনা তার জন্য।
প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই দুঃসময়ে করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন, তারা যেন মানসিকভাবে চাঙ্গা থাকেন তাই এই প্রচেষ্টা। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন ।