১৪ জুন ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে শেষ ২৪ ঘণ্টায় পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯১ জনে।
শনিবার রাতে জেলা সিভিল সার্জন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তাউহীদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২ পুলিশ সদস্য এবং স্বাস্থ্যকর্মীও আছেন। সম্প্রতি তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়। নতুন শনাক্তদের মধ্যে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরের ২ জন, কুলাউড়ার ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন ও শ্রীমঙ্গল উপজেলার ১ জন রয়েছেন। বর্তমানে ঢাকার ল্যাবে মৌলভীবাজার থেকে পাঠানো আরও ৬শ’র বেশি নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমান রয়েছে।