১৪ জুন ২০২৩
শিপন চন্দ জয় : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। বৃষ্টি হলে রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ীতে প্রবেশ করে পানি। নগরবাসী বলছেন এমন অপরিকল্পিত নগর ব্যবস্থা এর জন্য দায়ী। নগরের বাসা-বাড়িতে পানি উঠায় সিলেট নগরীর কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন স্থানীয় জনসাধারণ। এ সময় অবরোধকারীরা সড়কে অগ্নিসংযোগ করেন। এতে নগরীর কুমারগাঁও ও বাদাঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনি অবরোধকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
জানা যায়, সিসিকের নতুন ওয়ার্ড ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না করে কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর সড়ক চার লেনের কাজ শুরু হয়। এতে করে ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে অল্পবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাসা-বাড়িতে পানি উঠছে। এতে করে পানিবন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ। স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারছেনা। বিষয়টি তারা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দায়িত্বশীলদের বার বার অবগত করেছেন কিন্তু তারা কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণে বুধবার দুপুর ১২টার দিকে কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের এলাকাবাসী।
আন্দোলনকারীরা বলেন, কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলছে। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই কাজ শুরু করেছে সওজ কর্তৃপক্ষ। পানি চলাচলের যেসব রাস্তা ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। ফলে পানি বন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সওজ কর্তৃপক্ষকে অবগত করলেও তারা কর্ণপাত না করায় আজকে এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।
তারা আরও বলেন, কাজের শুরু থেকে তারা দাবি জানিয়ে আসছেন পানি চলাচলের জন্য ব্যবস্থা করে দিতে। না হলে তারা বাড়ি-ঘরে থাকা সম্ভব না। বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ কথা কানে নিচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজে যাতায়াত করতে পারছেনা ছেলে মেয়েরা। ড্রেনের ময়লা-আবর্জনার পানি ঘরের মধ্যে প্রবেশ করছে। আজকের মধ্যে দাবি মানা না হলেও তারা সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখবেন।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম বলেন, বেলা ১২টার দিকে সড়ক সড়ক অবরোধ করেন স্থানীয়রা, পরে আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।