৫ জুন ২০২০


এশিয়ার সেরা ৫শ প্রতিষ্ঠানের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : এশিয়া মহাদেশের মধ্যে সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান হয়নি বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের। তবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থান হয়েছে সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়। তালিকায় ৪০১তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দেখা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ তাদের ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২০’ শীর্ষক এই তালিকাটি প্রকাশ করেছে।

শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকাম (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) এই পাঁচটি সূচকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই-বাছাই করে থাকে টাইমস হায়ার এডুকেশন।

পাঁচটি সূচকের মোট স্কোর ৫০০-এর মধ্যে ১২৩ দশমিক ২ পয়েন্ট অর্জন করে ৪০১তম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় প্রথম স্থানে থাকা চীনের সিনহুয়া ইউনিভার্সিটি পাঁচটি সূচকে ৪০০ দশমিক ৮ পয়েন্ট অর্জন করেছে।

র‌্যাঙ্কিংয়ে শিক্ষাদান সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ১৮ দশমিক ৭, গবেষণায় ১০ দশমিক ৭, গবেষণা-উদ্ধৃতিতে ১৬ দশমিক ৪, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪০ দশমিক ৮ এবং ইন্ডাস্ট্রি ইনকামে ৩৬ দশমিক ৬। এ ক্ষেত্রে প্রতিটি সূচকের মোট স্কোর ১০০।

তবে গত কয়েকশ বছরের তুলনায় অবনতিই হচ্ছে দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১৬ সালে সেরা ২০০ ও ২০১৮ সালে সেরা ৩৫০-এর মধ্যে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশনের ৪৮৯ বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের ৫৬টি ও পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ ছাড়া জাপানের ১১০টি ও চীনের ৮১টি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে এশিয়ার সেরাদের এই তালিকায়।

শেয়ার করুন