১ জানুয়ারি ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : বিশ্বের কোনো দেশেই বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির নেই বলে মন্তব্য করে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বিশ্বের কোনো দেশেই বছরের প্রথম দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।
রোববার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার সভাপতি সাইফুল হক মির্জা প্রমুখ।