৪ জুন ২০২০


সিলেটে ৬০ দিনে ১৮ মৃত্যু, আক্রান্ত ৬৮১

শেয়ার করুন

অতিথি প্রতিবেদক : সিলেটেও করোনাভাইরাস ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সিলেট জেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এপর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৬৮১ জন রোগীর। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৫০৫ জনের। কোয়ারেন্টাইনে রোগীর সংখ্যা ২৪৭৮ ও কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৩৯। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৯৪ ও ছাড়পত্র পেয়েছেন ২১৮জন। কোভিড-১৯ প্রমাণিত হয়েছে ৬৮১জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭জন।

গত ৫ই এপ্রিল সিলেটে নগরীর হাউজিং এস্টেট এলাকার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। অপরদিকে ১৫ই এপ্রিল প্রথম করোনা রোগী সিলেটের একটি সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ‘মানবিক ডাক্তার’ হিসেবে খ্যাতি পাওয়া মঈন উদ্দিন মারা যান। চিকিৎসকদের মৃত্যুর তালিকায় দেশে তিনিই ছিলেন প্রথম চিকিৎসক।

জেলা সিভিল সার্জন অফিস অফিস সূত্রে গত ৬০দিনের এ তথ্য নিশ্চিত করে।

সিলেট জেলায় যাদের মৃত্যু হয়েছে
১৫ই এপ্রিল নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা শহীদ শামসুদ্দিন হাসপাতালের ’ডাক্তার’ মঈন উদ্দিন (৪৭) , ৯মে গোয়ানঘাট থানার আলীরগাঁও ইউনিয়নের ধর্ম গ্রামের আকলুু মিয়া (৭০), ১১মে সিলেট কেন্দ্রীয় কারাগারে আহমেদ হোসাইন নামে এক বন্দি (৫৩), ১৭ মে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ও তেতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি দবির মিয়া (৬৫), ২৮ এপ্রিল জালালাবাদ থানার হালদাপাড়া এলাকার সবুজ দাস (৩৬), ১৫মে ওসমানীনগর উপজেলার তাজপুরে হাবিব মিয়া (৫০), মৃত ওই ব্যক্তি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা।

২০মে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের বাসিন্দা গোলাপগঞ্জের পল্লী চিকিৎসক আবুল কাশেম (৪৬), ২০ মে সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার মাহবুবুর রহমান (৫৫), ১৭মে নগরীর উপশহর এলাকার বাসিন্দা ডাক্তার এম.এ মতিন (৮০), ২৩মে নগরীর কাজিটুলা এলাকার বাবুল খাঁন (৬০), ২৮ মে জৈন্তাপুরে উপজেলার ২ নম্বর নিজপাঠ ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন (৩৪), সর্বশেষ ৩১মে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের তমছির আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তবে এ পর্যন্ত কোন উপজেলায় মোট কতজন সুস্থ হয়েছেন তার হিসাব দিতে পারেনি জেলার সিভিল সার্জন কর্তৃপক্ষ।

সিলেট জেলার সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, বুধবার দুপুর পর্যন্ত সিলেট জেলায় ৬৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮জন।

শেয়ার করুন