২৯ মে ২০২০


অনাহারে দিন দিন কাটছে বেদে পল্লীর বাসিন্দারা

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গোলাপগঞ্জের খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে খুব নাজুক অবস্থায় আছেন বেদে পল্লীর বাসিন্দারা। খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করছেন তারা।

করোনা পরিস্থিতিতে দু’চোখে অন্ধকার দেখছে এসব বেদেরা। রোজগারের সকল পথও রয়েছে বন্ধ। কর্মহীন হয়ে বেদেদের তাবুতেই বন্দি থাকতে হচ্ছে। সীমানার বাইরে বের না হতে পেরে, একধরনের দমবন্ধ জীবন কাটাচ্ছেন।

ফিরুজা নামের এক বেদে জানান, সরকারের সহায়তায় চাল, ডাল, তেল, লবনসহ কিছু খাদ্য সামগ্রী পেয়েছিলেন কিছু দিন আগে। কিন্তু তা এখন ফুরিয়ে গেছে। স্বাভাবিক সময়ের থেকে কম খেয়েও ১০ দিনের বেশি নিতে পারিনি। এখন কি খাব আমরা, সেটাই চিন্তা।’

বেদে পল্লীর হান্নান মিয়া নামের এক ব্যাক্তি বলেন, আমরা প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে কাজ করে যা আয় করি তাই দিয়েই বেঁচে থাকি। যেদিন গ্রামে যেতে পারি না সেদিন আমাদের চুলার আগুন জ্বলে না।

সরকারের নির্দেশ মেনে তারা ঘর থেকে বের হচ্ছে না উল্লেখ করে বাতাশি নামের একজন বলেন, আমরা সরকারের নির্দেশের প্রতি সম্মান রেখে কেউ পল্লীর বাইরে যাচ্ছি না। যার ফলে আমরা কয়েকদিন ধরেই খুবই কষ্টে আছি। আমাদের পাশে কেউ দাঁড়ায় না। কে দাঁড়াবে কে বুঝবে আমাদের দুঃখ কষ্টের কথা?

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বর্তমানে সরকারের সকল অনুদান চেয়ারম্যান ইউপি সদস্যদের হাতে। তাদের সাথে যোগাযোগ করা হলে বা আমার সাথে যোগাযোগ করলে কিছু একটার ব্যবস্থা করব।

শেয়ার করুন