২৮ মে ২০২০


রাস্তায় পড়ে আছে ইমামের লাশ

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে রাস্তায় পড়ে আছে এক মসজিদের ইমামের লাশ। ইমামের নাম মাওলানা মিজান আহমদ। তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করছিলেন এবং ইমামতির পাশাপাশি তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম-রেলওয়ে ব্রীজ সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তবে রাস্তায় পড়ে থাকা মিজান আহমদ (৫৭) নামের ইমাম উচ্চ রক্তচাপজনিত কারণে স্ট্রোক করেছেন বলে জানা গেছে। তার করোনার কোন উপসর্গ (সিমটম) ছিল না। এ কারণে তার করোনা স্যাম্পলও সংগ্রহ করা হয়নি। পরে বিকালে বিশ্বনাথে নামাজে জানাজা শেষে তার লাশ নিয়ে স্বজনরা চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।

বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকরা জানান, মিজান আহমদ (৫৭) সেখানকার খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদে প্রায় ৩০ বছর ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি তিনি তেলিকোনা আলিম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম-রেলওয়ে ব্রিজ সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন জানান, মিজান আহমদ তার নিজ গ্রামের মসজিদে ইমামতি করতেন। তাঁর উচ্চ রক্তচাপ ছিল। বৃহস্পতিবার সকালে তিনি মসজিদের মোতোওয়াল্লিকে জোহরের নামাজ পড়াতে বলে পাশের পাখিচিরি গ্রামে দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন কান্দিগ্রাম-রেলওয়ে ব্রিজ সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। দাওয়াত খেয়ে মসজিদে ফেরার পথে তিনি স্ট্রোক করেছেন বলে তার ধারণা।

চিকিৎসকের বরাত দিয়ে বিশ্বনাথের ওসি জানান, মিজান আহমদ উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি চাঁদপুরে। বিশ্বনাথে জানাজা শেষে বৃহস্পতিবার লাশ চাঁদপুরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সড়কে ওপর লাশ দেখে এলাকায় মানুষের মধ্যে করোনার আতঙ্ক দেখা দিয়েছিল জানিয়ে বিশ্বনাথের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, পরে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক করেছেন মিজান আহমদ। এতেই তাঁর মৃত্যু হয়েছে। ইমামের পরিবারের লোকজ কে লাশ নিয়ে যাবার অনুমতি দেয়া হয়েছে।

শেয়ার করুন