২৭ জানুয়ারি ২০২১


বিয়ানীবাজারের হাওর থেকে দগ্ধ লাশ উদ্ধার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘিরপাড় এলাকার হাওরে অজ্ঞাত একজনের দগ্ধ লাশ পাওয়া গেছে।

বুধবার দুপুরে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা ধারণা করছেন, লাশটি অজ্ঞাত কোনো নারীর। তাকে হত্যা করে খড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। মূলত খুনিরা লাশের পরিচয় চাপা দিতে হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। এমন নৃশংস ঘটনার খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, যতটুকু জানা গেছে লাশটি আংশিক পোড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

শেয়ার করুন