২৭ মে ২০২০
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হান্নান (৩২)। বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। তার সঙ্গে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনা আক্রান্ত বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হান্নান অনেক দিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। গত ১১ মে তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে তার ডায়ালাইসিস চলছিল। সেখানে করোনা শনাক্ত হওয়ায় ১৬ মে তাকে শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্যবিধি অনুযায়ী তাকে দাফন করা হবে।’