৮ জুলাই ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর এলাকায় বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জৈন্তাপুরের বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোশদ আলী (৫০), একই উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মিল আলীর ছেলে হাজী নুর উদ্দিন (৫৫), বারগতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০) ও ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আবদুল মতিন (৪৫)।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে জাফলংগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) দরবস্ত পল্লীবিদ্যুৎ এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। তবে আরও কয়েকজন গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করার পাশাপাশি আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী একটি বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।