৮ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সেই ১৬ ইন্টার্ন চিকিৎসকের মধ্যে ১৫ জনের করোনা নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার চার দিনের মাথায় ফের তাদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ঢাকা থেকে আসা আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকের সংস্পর্শে গত ৫ মে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্ত ইন্টার্ন চিকিৎসক করোনার বিশেষায়িত হাসপাতালে (শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে) ভর্তি রয়েছেন।
গত ২৩ মার্চ ঢাকার গাজীপুর থেকে কর্মস্থলে যোগদানে আসেন এক ইন্টার্ন চিকিৎসক। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর গত ২৩ এপ্রিল থেকে মেডিক্যাল কলেজের জিয়া হোস্টেলের ১৫ ছাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়।
এ ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি নিয়ে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। আশ্চর্য বিষয় হলো কারোরই কোনো সাইন/সিম্পটমস নেই। করোনার কোনো লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও জানিয়েছিলেন।
চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক লেখেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সঙ্গেই আছি।- অধ্যক্ষ সিওমেক।’ তাদের করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে হুলস্থুল শুরু হয়। বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ আসে। এদিন ১৮৬ জনের পরীক্ষায় করোনা নেগেটিভ আসে আরও একজনের।