৭ মে ২০২০


মধ্যরাতে নারী কাউন্সিলরের বাসা ঘেরাও করে হুমকি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রমে নারী কাউন্সিলরদের সম্পৃক্ত না রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সব নারী কাউন্সিলররা। কিন্তু সে কর্মসূচিতে অংশগ্রহণ না করতে সিসিকের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির নগরের শেখঘাটস্থ বাড়ি ঘেরাও করেন শতাধিক যুবক। এ সময় তারা সাকিকে বৃহস্পতিবার নগর ভবনের সামনে মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে না যেতে হুমকি দেন। এতে নেতৃত্ব দেন ওই এলাকার জুনেল ও সালাম নামে দুই যুবক।

স্থানীয়রা জানান, বুধবার রাতে হঠাৎ শতাধিক মানুষ ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির বাড়ি ঘেরাও করেন। এ সময় সাকি এর কারণ জানতে বাসার বাইরে বের হলে তাকে বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচিতে না যাওয়ার নির্দেশ দেন ঘেরাওকারীরা। এ সময় কাউন্সিলর সাকি পুরো বিষয়টি তার ফেসবুক আইডিতে লাইভ করেন।

ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির ঘরের সামনে শতাধিক মানুষ উত্তেজিত হয়ে তাকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে নিষেধ করছেন। এমনকি বৃহস্পতিবার ঘর থেকে বের না হওয়ার জন্য রীতিমতো শাসাচ্ছেন।

তাদের বক্তব্য হচ্ছে- মেয়র এবং পুরুষ কাউন্সিলর সিকন্দর আলীর সহযোগিতায় ১২ নং ওয়ার্ডের অনেকেই সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন। এখন যদি নারী কাউন্সিলর সাকি কোনো ধরণের আন্দোলনে যান তবে আগামীতে খাদ্য সহায়তা পাওয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই তারা কাউন্সিলর সাকিকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে নিষেধ করতে এসেছেন।

এ সময় ভিডিওতে নারী কাউন্সিলর সাকিকে ‘এসব মেয়র সাহেব করাচ্ছেন’ বলতে শুনা যায়। পরে সাকি এবং ঘেরাওকারীদের মধ্য বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি বলেন, এই ঘটনাটি কারও ইন্ধনে হয়েছে। ১২ নং ওয়ার্ডের শতাধিক মানুষ আমার বাসা ঘেরাও করে আমাকে কর্মসূচিতে না যেতে ‘হুমকি’ দিয়েছে। তারা রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বাসার সামনে অবস্থান করেছেন।

শেয়ার করুন