৭ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এরপরও বিভিন্ন জেলার বাসিন্দারা একের পর এক বিনা বাধায় সিলেটে আসছেন। কখনো ট্রেনে, বাসে-মাইক্রোবাসে কিংবা ট্রলারে করে সিলেটে পৌঁছেছেন। করোনা ঝুঁকির মধ্যেও এবার ট্রাকযোগে সিলেটে পৌঁছেছেন আরও ১০ শ্রমিক। তাও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাপসাতাল অভ্যন্তরে এসে নামেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ১০ শ্রমিককে চালক-হেলপারসহ মোট ১২ জন একটি ট্রাকে সিলেটে পৌঁছান। ওই ট্রাকটি ওসমানী মেডিকেলের ভেতরে মসজিদ সংলগ্ন এলাকায় এসে থামেন।
শ্রমিকরা বলেন, তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের পাইলিংয়ের কাজের জন্য এসেছেন। কাজ শেষে বৃহস্পতিবার সিলেট ছাড়বেন।
এদিকে, খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এবিষয়ে স্থানীয়রা বলেন, করোনা ঝুঁকি এড়াতে যেখানে গণপরিবহন বন্ধ। সেখানে প্রশাসনের কড়াকড়ি থাকার পরও বিভিন্ন যানবাহনে অন্য জেলার মানুষ সিলেটে আসায় করোনা সংক্রমণের হার বাড়ার ঝুঁকি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, করোনা ঝুঁকি এড়াতে লকডাউন ও নিরাপদ শারীরিক দূরত্ব না মানলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
প্রসঙ্গত, এর আগে লকডাউন ভেঙ্গে ট্রেনযোগে ঢাকা থেকে ও বাস যোগে বরিশাল থেকে এবং মাইক্রোবাসে করে সিলেটে যাত্রী আসার ঘটনা ঘটেছে।