৫ মে ২০২০


ওসমানীতে উপসর্গ ছাড়াই ১৬ চিকিৎসক করোনায় আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৫ জনই নারী বলে জানা গেছে।

সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। সকলেই সুস্থ আছেন। এ কারণে মঙ্গলবার আবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

বিষয়টি নিয়ে জানতে ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যক্ষ মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মইনুল হকের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তবে হাসপাতালের একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করে জানান, সোমবার রাতে ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই চিকিৎসকদের আভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে এ নিয়ে নানা আলোচনা করা হয়। উপসর্গবিহীন এই করোনা শনাক্ত হওয়া নিয়ে অনেকে সন্দেহ ও সংশয় প্রকাশ করেন।

চিকিৎসকদের ফেসবুক গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি অবগত করে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ পজিটিভ এসেছে। আশ্চর্য্য বিষয় হলো কারোরই কোনো করোনার সাইন/সিম্পটমস নেই…!’ করোনার কোনো লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক গ্রুপে মো. সাইফুল হাই নামে এক চিকিৎসক লেখেন- ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ আসছে। আশা করি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা অতিদ্রুত পদক্ষেপ নেবেন। পুনরায় করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসুক এ প্রত্যাশা রইল।’

শেয়ার করুন