১৮ সেপ্টেম্বর ২০১৭
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে ট্রাকচাপায় নিলয় মালাকার (১২) নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নির্মল মালাকারের ছেলে নিলয় মালাকার টেংরাবাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করত। সোমবার বিকালে বাইসাইকেল যোগে ওই দোকানে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০৩৪৭৫) তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে রাজনগর থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেই সাথে আটক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যান। আটক ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছিয়ালি গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
রাজনগর থানার এসআই জিয়াউল ইসলাম জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১৮ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)