২৪ এপ্রিল ২০২০
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আরো ১ জন রোগী শনাক্ত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি (নতুনগ্রাম) এর বাসিন্দা। তার বয়স ২৩ বছর বলে জানা গেছে।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি পটুয়াখালীতে একটি জুতার দোকানে কাজ করতেন। তিনি গত সপ্তাহে বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
ডা. জসিম উদ্দিন জানান, ‘তার শরীরে উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা তাকে এ্যাম্বুলেন্সে করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার বাড়ি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী বলেছেন, ‘রোগীর করোনাভাইরাস পজেটিভ নিশ্চিত হওয়ার সাথে সাথে আমরা তার বাড়ি লকডাউন করেছি। বাড়ির চারপাশে লাল নিশানা দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এ্যাম্বুলেন্সে করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি।’
উল্লেখ্য, এর আগে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের ২০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস পজেটিভ হয়।