ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ব্যতিক্রমী খাদ্য সহায়তা নিয়ে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী ( বকুল চৌধুরী)। গত ২৬ মার্চ থেকে প্রতিদিনই বিভিন্ন জাতের শাক- সবজি ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করছেন তিনি।
বিতরণকৃত শাক- সবজির মধ্যে রয়েছে- ডাটা, মুলা, পুঁই শাক, বাঁধা কপি, ডাটা, বেগুন, পাটশাক, খিরা ও নাগা মরিচ।
এ সকল খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হচ্ছে গ্রামে গ্রামে পাঠিয়ে। গ্রামের লোকজনের সারিবদ্ধভাবে এ সকল শাকসবজি গ্রহণ করছেন। অনেকেই চাল- ডাল দিলেও সুনামগঞ্জ জেলার কোথাও নিয়মিত শাকসবজি বিতরণ করছেন না কেউ। তাই করোনা দুর্যোগে বকুল চৌধুরীর ব্যতিক্রমী সহায়তা ঘরে আবদ্ধ কর্মহীন মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তবে তিনি চাল, ডাল ও তেল বিতরণও করেছেন।
ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চৌধুরী পৌরসভার বিভিন্ন এলাকায় শাকসবজি বিতরণ করছেন। এতে দরিদ্র মানুষের উপকার হচ্ছে।
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ঘরে ফ্রিজ নেই। যদিও তাদের প্রধান খাবার শাকসব্জি। পরিবহন বন্ধ থাকায় তারা বাাজরেও যেতে পারেন না। তাই চাল, ডাল ও তেলের সাথে সবজি বিতরণ করছি গ্রামে গ্রামে।