৮ অক্টোবর ২০২৩


৩ দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মৌন মিছিল

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : চাকুরী স্থায়ীকরণ, বেতন-ভাতা নিয়মিতকরণ ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিতকরণের ৩ দফা দাবিতে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘সিমেবি কর্মচারী পরিষদ’ এর উদ্যোগে রোববার (৮ অক্টোবর) এ কর্মসূচী পালন করা হয়।

এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে মৌন মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মৌন মিছিল কর্মসূচিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড পদর্শন করেন তারা। প্লেকার্ডে উল্লেখ্যযোগ্য লেখাগুলো হলো, “না খেয়ে আর কতকাল, এবার চাই অধিকার। ভিক্ষা নয়, বেতন চাই, অনুগ্রহ নয়, চাকুরী চাই। আর নয় কালক্ষেপণ, আমরা চাই বেতন ভাতা নিয়মিতকরণ, হয় স্থায়ীকরণ, না হয় মরণ। আমি ক্ষুধার্ত, খাবার চাই না, বেতন চাই।”

আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর যাবত বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবল নিয়োগের জন্য সার্কুলার আবেদন করলেও নানা জটিলতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে নি।

৩ দফার দাবিগুলো হল, নিঃশর্তে সকল পর্যায়ের কর্মচারীদের চাকুরী স্থায়ী করতে হবে। প্রায় ১ বছর যাবত বেতন বন্ধ থাকায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই অনতিবিলম্বে সকল বকেয়া বেতন-ভাতাদি পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিত করতে হবে। কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবিলম্বে নিজস্ব স্থায়ী জায়গায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন