১১ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনা পরীক্ষার জন্য বিভাগীয় শহর সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত পরীক্ষাগারে (ল্যাবে) ৩৩৯ জনের রক্তের নমুনা জমা হয়েছে। এরমধ্যে তিন দিনে ১৬৬ জনের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে করোনা ভাইরাস বহনকারী কেউ শনাক্ত হয়নি।
হাপসাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, গত ৭ এপ্রিল সিলেটে করোনা পরীক্ষার শুরুর দিনে ১৩৫ জনের রক্তের নমুনা নেওয়া হয়। এরমধ্যে ৯৪ জনের পরীক্ষা হয়। সবগুলো রিপোর্ট নেগেটিভ আসে। এর পর দিন আরো ২৪ জনের এবং শুক্রবার ৪৮ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত আরো ৪৮ জনের রিপোর্ট হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. মো. আনিসুল রহমান বাংলানিউজকে ৩৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ১৫৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গত মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ১৩৫ জনের নমুনা ল্যাবে পৌঁছালেও ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
করোনা পরীক্ষার জন্য গত ৩০ মার্চ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে বিশেষায়িত ল্যাব স্থাপনের জন্য মেশিন ওসমানী হাসপাতালে আসে। প্রথম দিকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কিট আসবে বলে জানানো হয়েছে।