৮ এপ্রিল ২০২০


র‌্যাবের নতুন ডিজি সিলেটের মামুন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্ধা।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিআইডি প্রধান আবদুল্লাহ আল মামুনকে এই নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

নতুন র‌্যাব ডিজি সিআইডির সদ্য সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ মহলে অত্যন্ত সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবেই পরিচিত। এই কারণে তাকে র‌্যাব ডিজি হিসেবে চূড়ান্ত করা হয়।

র‌্যাবের নতুন ডিজি আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

শেয়ার করুন