২ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা আশঙ্কাজনক দুজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা দুজনই এখন সুস্থ রয়েছেন। ফলে এখন পর্যন্ত পূণ্যভূমি সিলেট করোনা ভাইরাস মুক্ত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আনিছুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। বুধবার রাতে আইইডিসিআর থেকে ফোনে জানানো হয়েছে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ।
এদের মধ্যে একজন নারী অপরজন পুরুষ। বর্তমানে তারা শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে আছেন। এছাড়াও বর্তমানে আরো দুই জন রোগী আইসোলেশনে রয়েছেন। তাদের নমুনাও ঢাকায় পাঠানো হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার তাদের রিপোর্ট চলে আসবে।