১ এপ্রিল ২০২০


‘মানবতার ঘর’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পাশ্চাত্যের আদলে বাংলাদেশের এই প্রথম সিলেট নগরীতে হত দরিদ্রদের খাদ্য ও বস্ত্রের যোগানে যাত্রা শুরু করলো ‘মানবতার ঘর’। খাদ্য ও বস্ত্র নিয়ে কারো বাসায় নয়, রাখা থাকবে একটি ছোট্ট ঘরে। এখানে রাখা খাদ্য ও কাপড় নিজ দায়িত্বে নিয়ে যেতে পারবে যেকোনো হত দরিদ্র লোক। এমনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ন্যাশনাল প্রেস সোসাইটি (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) সিলেট বিভাগীয় শাখা।

সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন এর স্মৃতি বিজড়িত ২৪ নং ওয়ার্ডের হাজী হালু মাঝি জামে মসজিদের সম্মুখে স্থাপন করা হয়েছে এই ঘর। মসজিদের পাশে স্টিল দিয়ে নির্মাণ করা একটি ঘরে খাদ্য সামগ্রী রাখা থাকবে একপাশে। অন্যপাশে রাখা থাকবে বিভিন্ন ধরণের কাপড়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- এখানে রাখা থাকবে একেকটি খাদ্যের প্যাকেটে ২ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, এক কেজি লবণ ও ২ কেজি আলু। খাদ্য সামগ্রীর পাশাপাশি রাখা থাকবে বিভিন্ন ধরণের কাপড়। যেকোন হত দরিদ্র লোক প্যাকেট কিংবা কাপড় নিয়ে যেতে পারবে ষ্টীলের তৈরী এই ঘর থেকে।

আপাতত ২৪ নং ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হলেও পর্যায়ক্রমে সিলেট নগরীর সকল ওয়ার্ডে এটি চালু করা হবে।

সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. জুম্মান জানিয়েছেন, যে কেউ এখানে খাদ্য ও কাপড় রাখতে পারবেন। এছাড়া কেউ খাদ্য ও কাপড় (নতুন কিংবা পুরাতন) দিতে চাইলে তারা বাসা থেকে সংগ্রহ করবেন। এজন্য মোবাইল ০১৭১৬ ৫৪৩১০৯ ও ০১৯৭১ ৩৯৯১০৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন