২৭ মার্চ ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : বিকেলের শেষ, সন্ধ্যা নামতে বাকি আর কয়েক মুহুর্ত, নিরবতায় ঘেরা চরদিক। এ যেন এক আতঙ্কের নগরী। পথচারীদের সামনের দিকে পা ফেলাতেও ছিল সাবধানতার চিহ্ন। হরতাল-অবরোধ ছাড়া যে দৃশ্য দেখা যায়নি কখনো। এমন দৃশ্যই ছিল হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকার প্রধান সড়কে। শুধু টাউন হল রোডই নয়। পুরো জেলাজুড়েই এই চিত্র বিদ্যমান।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনার অংশ হিসেবে সন্ধ্যা নামার আগেই বন্ধ করে দেওয়া হয় শহরে শতভাগ দোকানপাট। শুধু খোলা থাকছে ওষুধ এবং মুদিমালের দোকান। করোনা ভাইরাস আক্রমণের শুরুর দিকে হবিগঞ্জে নির্দেশনা মানতে অনেকটা অবহেলা হলেও বর্তমানে সচেতন হয়ে উঠেছেন সব শ্রেণি-পেশার লোকজন।
শহরের শ্যামলী এলাকার মুদি ব্যবসায়ী সামছুল আলম জানান, দিনের বেলা প্রতিষ্ঠানে কাস্টমার এলেও বিকেলের দিক থেকেই কমতে থাকে ক্রেতার উপস্থিতিতি। তিনি নিজেও সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে যান।
টাউন হল রোডের নজরুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও প্রথম দিন অনেকেই তা মানেননি। কিন্তু বুধবার পুরোদমেই ব্যবসায়ীরা নির্দেশনা অনুসরণ করছেন। শহরবাসীর মধ্যে অজানা ভয় বিরাজ করছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আগামী শনিবার থেকে নিন্ম আয়ের মানুষকে সহায়তা দেওয়া শুরু হবে। ইতোমধ্যে সরকারিভাবে বরাদ্দ এসেছে। এর বাইরে আমরা কারও কাছে সহযোগিতা না চাইলেও অনেকেই এগিয়ে আসছেন সহায়তার জন্য। আমরা তা সাদরে গ্রহণ করছি। সবাই মিলে আমরা পরিস্থিতির মোকাবেল করতে চাই।