২১ মার্চ ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক দুবাই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রবাসীর বাসার সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর এলাকার শিবনগরের বাসিন্দা এই প্রবাসীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য।
এছাড়া উপজেলার শান্তিরবাজার ও দয়ারবাজারে বাজার মনিটরিং করা হয়েছে। এসময় এই দুই বাজারে নির্ধারিত মূল্যে ৫০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেন তিনি। এসময় প্রত্যেক ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ ক্রয় করার সুযোগ পান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, আমরা করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আর যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখছি। আমরা পাশাপাশি বাজার মনিটরিং করছি। কারণ কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত দাম নিচ্ছেন। এজন্য তাদেরকেও সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি।