৮ মার্চ ২০২০


জজের বদলি দাবিতে শহীদ মিনারে মুক্তিযোদ্ধারা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার অবমাননা, দখল ও অবজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধারা। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান করেন।

রোববার সকালে শহরের ডিএস রোড এলাকায় শহরের আলফাত স্কয়ার রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধারা।

এ সময় মুক্তিযোদ্ধারা জেলা জজকে দ্রুত বদলির দাবি জানিয়ে বলেন, এই শহীদ মিনারটি স্বাধীন বাংলাদেশের প্রথম শহীদ মিনার। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর হাত থেকে সুনামগঞ্জ মুক্ত হওয়ার পর তৎকালীন সাব-সেক্টর কামান্ডার মেজর এম এ মোতালিবের তদারকিতে মুক্তিযোদ্ধারা এ শহীদ মিনার তৈরি করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এ শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জের মানুষ। কিন্তু বর্তমান জেলা জজ শহীদ মিনারের বিরুদ্ধে অবস্থান করছেন। তিনি শহীদদের অপমান করছেন। শহীদ মিনারের আশপাশের স্থাপনাগুলো সরিয়ে একটি স্থানের স্থাপনা ভেঙে ফেলেছেন এবং কাঁটাতার দিয়ে শহীদ মিনারের জায়গা ছোট করছেন।

মুক্তিযোদ্ধা সন্তান জুনেদ আহমেদ বলেন, এ শহীদ মিনারকে অস্বীকার করেছেন জেলা জজ। তিনি তার একটি আরজিতে উল্লেখ করেছেন এখানে কোনো শহীদ মিনার নেই। এটা দুঃখজনক ঘটনা। আমাদের যে জায়গায় সুনামগঞ্জ শহীদ মিনার রয়েছে আপনি সেই জায়গা মুক্ত করে দিন।

উল্লেখ্য, সুনামগঞ্জের তেঘরিয়া মৌজার ৪২১নং দাগের, জেএল ১৪৪ এবং ৯নং খতিয়ানের এ ভূমি নিয়ে সম্প্রতি বিরোধ দেখা দিয়েছে। ২০১৪ সালে শহীদ মিনারের এ ভূমি স্বত্বপ্রচার ও হালজরিপে জেলা জজের নামে রেকর্ডের জন্য ১৪৪/২০১৪ মামলা দায়ের করেন আদালতের নাজির। এরই পর থেকে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে প্রতিবাদ করে আসলেও তার এখনো কোনো সুরাহা হয়নি।

শেয়ার করুন