৭ মার্চ ২০২০
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ দলের অধিনায়কত্ব অবশ্যই মিস করবো। কারণ দলে অনেক দিন আমি নেতৃত্ব দিয়েছি। সব কিছুর পরে নতুনদের তো আসতেই হবে। অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে বাংলাদেশের রেকর্ড জয়ের পর শুক্রবার রাতে সিলেটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি বিন মোর্ত্তজা।
মাশরাফি বলেন, আমি সবসময় খেলাকে গুরুত্ব দিয়েছি। অধিনায়কত্বের প্রতি নয়। ‘কেমন লাগছে’ – সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অসম্ভব ভালো লাগছে। কারণ জিতেছি। আর আজকের পর থেকে একটা কাজ তো কমে গেল। অনেক বড় দায়িত্ব ছিল। সাধারণত এসময় কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। অবশ্যই আমারও মিশ্র দু’টো অনুভূতিই হচ্ছে।
নেতৃত্ব নিয়ে তিনি বলেন, নেতৃত্ব অবশ্যই ভালো। তবে অধিনায়কত্ব করতে চাওয়াটা ভালো না। স্বার্থপরতা চলে আসে। বাংলাদেশে অনেককে দেখেছি ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে মাঠের বাইরে অনেক কাজ অধিনায়কের। আর আমি নিজেকে কখনো মূল্যায়ন করি না। এক কথায় বলতে পারেন গড়পড়তা।
নতুন অধিনায়কের দায়িত্ব নিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, এখন যে বসবে তাকে তিন গুণ বেশি চিন্তা চেতনা বাড়াতে হবে। জিতলে অনেক সহজ। হারলে অনেক কঠিন।