৪ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দর বাজারস্থ লালবাজারের লাভলী হোটেলে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলে অবস্থানকারীরা। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে লাভলী হোটেলের ৫ম তলায় হঠাৎ আগুন লাগে। সাথে সাথে হোটেলের অবস্থানকারীরা নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শুধু ৫টি কক্ষের বিছানাপত্র সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে তারা।
এদিকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও হোটেলের কারো কয়েল বা বিড়ি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।