২৯ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্টস : শুধু পাপিয়া নয়; অপকর্মে যারা জড়িত তারা নজরদারিতে আছেন বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাপিয়াদের পেছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, দেশের যে কোনো প্রান্তেই হোক- যদি দলের লোকজন অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাহলে রেহাই পাবেন না। ইতিমধ্যে সবাই নজরদারিতে চলে এসেছেন। থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
তিনি আরো বলেন, সারাদেশের দুর্নীতিবাজ অপরাধীরা নজরদারিতে আছে। এ সবের পেছনে যারা আছে তাদেরও ধরা হবে। অপরাধীদের বিরুদ্ধে থেমে থেমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া এ অপকর্মের পেছনে যারা কলকাঠি নাড়ছেন তারাও রেহাই পাবেন না।
বিএনপি নেত্রী বেগম খালেদার জিয়ার জামিন খারিজের বিষয়ে কাদের বলেন , আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপি যে বিক্ষোভ করছে তা কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।
বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দেয়া লাগছে। তবে বিদ্যুতের ক্ষেত্রে কৃষকের ভর্তুকি খুব কম ধরা হয়েছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের সিজন, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই। একটু কষ্ট হলেও জনগণ এর সুবিধা পাবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রায় এক হাজারের মতো চীনের অধিবাসী পদ্মাসেতুতে কাজ করে। এখান থেকে ১৫০ জন ছুটিতে দেশে গেছেন। যদি দুই মাসের মধ্যে করোনাভাইরাসের কোনো উন্নতি না হয় তাহলে পদ্মাসেতুর কাজে সামান্য বিঘ্ন ঘটবে।
সাধারণ সম্পাদক বলেন, পদ্মাসেতুর কাজ থেমে থাকবে না কয়েকদিন আগেও ২৫তম স্প্যান বসানো হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি স্প্যান বসানোর কথা রয়েছে। তারা যদি ছুটি থেকে না আসতে পারে তাহলে কাজের কিছুটা সমস্যা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপ দফতর সম্পাদক সায়েম খান।