২৯ ফেব্রুয়ারি ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বুলু মিয়া (৪০) নামের একজন নিহত হয়েছেন। এসময় দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটতকৃতরা হলেন- সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)।
শনিবার ভোরে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের বোরতল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, সুরঞ্জিত রায়, নিরুপম পাল।
ঘটনাস্থল থেকে বন্দুক, গুলি, দুটি সিএনজিচালিত অটোরিকশা, ডাকাতির মালামালসহ ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামের প্রাইমারি স্কুলের সামনে ডাকাতদের আটকায়। তখন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও গুলি করলে ডাকাত সরদার বুলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুইজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।