২৫ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে চারদিন ব্যাপি বর্ডার গার্ড বাংলাদেশ (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (মেঘালয়, মিজোরাম ও কাচার, গৌহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) এর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন আয়োজন করা হয়েছে।
জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সিলেট নগরীর রোজভিউ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় বিএসএফ এর একটি সিনিয়র ডেলিগেশন দল ডাউকি-তামাবিল স্থল বন্দর দিয়ে সিলেটে এসে পৌঁছাবে এবং ঐদিনই দলটি সম্মেলনে যোগ দিবে।
সম্মেলনের প্রধান সমন্বয়কারি হিসেবে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আহমেদ ইউসুফ জামিল ও সহকারি সমন্বয়কারি হিসেবে সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. মেজবাহ উদ্দিন রাসেল দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠ পর্যায়ে সমন্বয়কারি হিসেবে হাবিলদার মো. আলী আমজাদ দায়িত্ব পালন করবেন।
বিজিবি সেক্টর কমান্ডার জানান, ১ মার্চ সম্মেলনের সমাপনী দিনে রোজভিউ হোটেলে বিজিবি ও বিএসএফ-এর এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।