১৮ ফেব্রুয়ারি ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখাল। লোকজন আসে, প্রাণ ভরে দেখে আর তৃপ্তির ঢেঁকুর তুলে পুনরায় দেখার আকুতি নিয়ে চলে যায় আপন গন্তব্যে। প্রকৃতির তারিফ করা তাদের গল্প আর ছবিগুলো কেবলই ডানা মেলে, অনুপ্রাণিত করে দেশ বিদেশের মানুষদের। প্রলুদ্ধ হয়ে আরও বেশি দর্শক আসে, এভাবে মানুষের আনাগোণা কেবলই বাড়তে থাকে রূপের রাণী যেন লালাখালে।
সিলেট থেকে জাফলং বা গোয়াইনঘাটগামী বাসে চেপে সারিঘাট যেতে সময় লাগে মাত্র এক ঘন্টা। সেখান থেকে নৌকা ভাড়া নিয়ে নদী পথে দেখে আসতে পারেন লালাখাল। বিকল্প হিসেবে সারিঘাট থেকে অটোরিকশা কিংবা নিজস্ব গাড়ি নিয়ে সরাসরি ঢুপি পাহাড়ের কোল ঘেঁষে চলে যাওয়া সড়কে পাখিবিল কামরাঙ্গী হয়ে যেতে পারেন লালাখাল। সেখানে আছে রিসোর্ট, অত্যাধুনিক রেস্তোরা। জাফলং যাওয়ার পথে সহজেই এ উপভোগ্য স্থানটি দেখে আসা যায়।
সারিঘাট পর্যটক বহনকারী নৌকা শ্রমিক সংগঠনের সেক্রেটারি হারিছ উদ্দিন জানান, ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে পর্যটকদের সুবিধার্থে ৩৫/৪০ টি নৌকা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিটি নৌকায় ৫টি করে লাইফ জ্যাকেট রাখা হয়েছে। প্রতি নৌকায় ১০ জন করে যাত্রী বহন করা হবে ও ৩ ঘন্টার জন্য ভাড়া নির্ধারণন করা হয়েছে ১ হাজার ২০০ টাকা করে।