১৩ ফেব্রুয়ারি ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দখলদারদের কবলে থাকা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার চারপাশে রেলওয়ের কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রমে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
এর পুর্বে অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর নিজ দায়িত্বে সকলকে স্থাপনা সরিয়ে নেয়ার কথা জানিয়ে মাইকিং করে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে রেলওয়ে বিভাগ, হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।