১০ ফেব্রুয়ারি ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লাঠি দিয়ে আঘাত করে নিজের মাকে হত্যার দায়ে দীপু সরকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। দীপু উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার রাজমোহন গোস্বামীর ছেলে।
সোমবার দুপুরে এই আদেশ প্রদান করেন হবিগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালতের মুন্সী রিপন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু তার মা রসনা বালা সরকারের নিকট ভাত খেতে চান। ভাত না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন দীপু। পরবর্তীতে স্থানীয়রা আহত নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রসনা বালা পালের।
ঘটনার পরদিন নিহতের স্বামী ও দীপুর পিতা রাজমোহন গোস্বামী ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুলাই দীপুকে আভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র পাল।
মামলার দীর্ঘ ১৬ বছর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সালেহ আহমেদ।