৬ ফেব্রুয়ারি ২০২০


তেলিবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। নিহত শাফিয়া খাতুন দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শাফিয়া খাতুনের দেবর নুর হোসেন খান (৩৫) ও সিএনজি চালক শাহিন আহমদ।

জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় হবিগঞ্জ গামী বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন