২ ফেব্রুয়ারি ২০২০
সালমান কাদের দিপু, গোলাপগঞ্জ থেকে : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী প্রবাসী অধ্যুষিত একটি গ্রাম চন্দরপুর। এ গ্রামকে আদর্শ একটি গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশ ও প্রবাসে বসবাসরত এ গ্রামের বাসিন্দারা। দেশে বসবাসরত সকলের পাশাপাশি এখানকার প্রবাসীরা গ্রামের উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে থাকেন। এলাকার উন্নয়নে প্রবাসীরা রাস্তাঘাট সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে অবদান রেখে আসছেন।
গ্রামের উন্নয়নের অংশ হিসেবে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এ গ্রামের প্রবাসীরা পুরো গ্রামকে বৈদ্যুতিক বাতি দ্বারা আলোকিত করতে ‘আলোকিত চন্দরপুর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রকল্পে বৈদ্যুতিক বাতি দ্বারা আলোকিত গ্রাম প্রতিষ্ঠায় পুরো গ্রামে ৭ কিঃমিঃ(গড়) ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয়। প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ভূ-গর্ভস্থ এ বৈদ্যুতিক লাইন গ্রামের আনাচে-কানাচে পৌঁছিয়ে বাতি জ্বালাতে সক্ষম হন তারা।
সময়ের হিসাবে আজ থেকে প্রায় তিন বছর পূর্বেই এ গ্রামে ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন চালু করা হয়। তাও আবার গ্রামবাসীর নিজেদের উদ্যোগ ও অর্থায়নে। তাই দেশের সর্বপ্রথম ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন সঞ্চালনকারী গ্রাম হিসেবে চন্দরপুর গ্রামবাসীরাই দাবী রাখে। কেননা, এর পূর্বে দেশের আর কোথায়ও আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক লাইন চালু হয়েছে বলে জানা যায় নি।
এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্যস্থ সংহতি সাহিত্য পরিষদের সভাপতি, নাট্যকার ও একাউন্টেন্ট আবু তাহের জানান, চন্দরপুরকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গ্রামের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য-সহ সকল ক্ষেত্রে আধুনিকায়নের ছোঁয়া ও গ্রামকে একটি অনন্য মাত্রায় নিয়ে যেতে দেশ ও প্রবাসের সকলেই সর্বদা তৎপর রয়েছেন।
নিজেদের উদ্যোগে গ্রামের প্রায় ৭ কিলোমিটার(গড়) বিদ্যুৎ লাইন (২৪০ ভোল্টের) ভূ-গর্ভস্থ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবুও প্রবল ইচ্ছা আর উদ্যোম থাকলে সবকিছুই যে সম্ভব তার সফল প্রতিফলন ঘটেছে এখানে।
প্রসঙ্গত, সিলেট নগরীর হযরত শাহজালাল (র.) এর দরগাহ এলাকায় বিদ্যুৎ লাইন মাটির নিচে দিয়ে নগরীতে একটি পরীক্ষামুলক প্রজেক্ট বাস্তবায়ন করে বিদ্যুৎ বিভাগ। এর পর এর কৃতিত্ব নিতে উঠেপড়ে লাগে সিটি কর্পোরেশন। এমন পরিস্থিতির মধ্যেই জানা গেল এটিই বাংলাদেশের প্রথম প্রকল্প নয়। এর তিন বছর আগে এটি একটি প্রত্যন্ত অঞ্চলেই চালু হয়।