৩০ জানুয়ারি ২০২০


সেই সিভিল সার্জনের বদলি আদেশ প্রত্যাহারের দাবি

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ কল্লোলের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সচেতন সুনামগঞ্জবাসী। এ সময় বক্তারা সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদকে ২০ দিনের মাথায় বদলিকে- দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন। তারা অনতিবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সাংবাদিক শামস শামীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, আহমেদ মুজতাবা রাজি, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস এবং তার সিন্ডিকেট বাহিনী যখন স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছিলো তখনতো আপনারা ওই দুর্নীতিবাজ সিভিল সার্জনকে বদলি করলেন না, কিন্তু একজন সৎ লোক যখন সুনামগঞ্জে আসলো তখন তাকে ২০ দিনের মাথায় বদলি করে দিচ্ছেন। আমরা জানতে চাই কার ইশারায় বা কোন দুর্নীতিবাজের নির্দেশে এটা করা হয়েছে। আমরা ডা. তউহীদ আহমেদকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে বহাল দেখতে চাই।

বক্তারা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে উদ্দেশ করে বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জের গর্ভ। কিন্তু আমরা বুঝতে পারছি না উনি থাকতে কেমন করে সুনামগঞ্জে এমন ঘটনা ঘটলো। আমরা আশা করি পরিকল্পনামন্ত্রী আমাদের কথা বুঝবেন। সুনামগঞ্জ এই প্রথমবার একজন ভালো সিভিল সার্জন পেয়েছিল তাকে বদলি করবেন না।

বক্তারা আরও বলেন, শুধুমাত্র কয়েকজনের মাধ্যমে সুনামগঞ্জ সদর হাসাপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না। যে ব্যক্তি ঘোষণা দিলো হারাম এক টাকাও খাবে না-, তাকে বদলি করে দেয়া হয়েছে। এটা অন্যায়। আজকে মানববন্ধন হয়েছে, আগামীতে সিভিল সার্জন অফিস তালাবদ্ধ করে হলেও ডা. তউহীদ আহমেদকে সুনামগঞ্জ থেকে যেতে দেয়া হবে না।

অন্যদিকে একই দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের আলফাত স্কয়ারে সুনামকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধন থেকে সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ কল্লোলের বদলি আদেশ দ্রুত প্রত্যাহারের জানানো হয়। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন